রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ১৪, ২০২৬, ০১:৫০ পিএম

বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম (৪৫) নামে অভিযুক্ত এক ব্যক্তিকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী দুই শিশু ওই ব্যক্তির প্রতিবেশী।ঘটনার পরপরই থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ওই শিশুদের প্রতিবেশী হওয়ায় তারা তাকে ‘দাদু’ বলে ডাকত। এই সুযোগ নিয়েই অভিযুক্ত ব্যক্তি কৌশলে শিশুদের নিজের বাড়িতে ডাকতেন। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুদের শয়নকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করতেন। কাউকে না জানাতে শিশুদের প্রাণনাশের হুমকিও দেওয়া হতো। গত শুক্রবার, শনিবার ও রবিবার বিভিন্ন সময়ে এই ঘটনা ঘটে।

শিশুদের অস্বাভাবিক আচরণ ও কান্নাকাটি দেখে পরিবারের সদস্যরা সন্দেহ করেন। এক পর্যায়ে ভুক্তভোগী পাঁচ বছর বয়সী শিশুটি পুরো ঘটনা খুলে বললে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তাৎক্ষণিকভাবে শিশুদের উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাছুদ হাসান জানান, দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশু দুটি বর্তমানে চিকিৎসাধীন এবং শারীরিকভাবে সুস্থ আছে বলে জানান তিনি।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।