সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৮ নেতা

শাহিন ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:১৯ পিএম

বীরগঞ্জে গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৮ নেতা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। গণঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ ৮ জন নেতা-কর্মী দল থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা ইসলামী আন্দোলনের এই কাফেলায় শামিল হন। 

নির্বাচনী ডামাডোলের মধ্যে বীরগঞ্জে গণঅধিকার পরিষদে এই ভাঙন রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।যোগদানকারী নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য হলেন বীরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের অর্থ সম্পাদক মোঃ মীর সায়াফ। 

তার সাথে শ্রমিক অধিকার পরিষদের সদস্য তরিকুল ইসলাম, আবুল কালাম, রাসেল ইসলাম এবং আমিনুল ইসলামসহ মোট ৮ জন নেতা-কর্মী জামায়াতে যোগ দেন। নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে মোঃ মীর সায়াফ জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই যোগদানের ফলে বীরগঞ্জ এলাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইতিবাচক প্রভাব পড়বে।