মার্চ ১৫, ২০২৬, ০৫:০৩ পিএম
পবিত্র মাহে রমজানের সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দিনাজপুরের বীরগঞ্জে ১৭০ জন এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীর সম্মানে বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার জান্নাত বাগ চকপাড়া হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতিম শিক্ষার্থী ছাড়াও স্থানীয় পথচারী, মুসাফির এবং সাধারণ মানুষ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
মাদ্রাসার সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা রমজানের গুরুত্ব ও অসহায়দের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে আব্দুর রহিম বলেন, "এতিম ও মাদ্রাসা ছাত্রদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই শিশুরা একটি সুন্দর ভবিষ্যৎ পেতে পারে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইসলাম উদ্দিন এতিম ও দরিদ্র শিশুদের নিরাপদ দ্বীনি শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
মাদ্রাসার মুহতামিম মেহেদী হাসান প্রতিষ্ঠানের অগ্রগতি তুলে ধরে জানান, বর্তমানে এই মাদ্রাসায় ১৭০ জন ছাত্রের বিপরীতে ৭ জন নিবেদিতপ্রাণ শিক্ষক দায়িত্ব পালন করছেন। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, "আলহামদুলিল্লাহ, এই বছর হুফ্ফাজ বোর্ড পরীক্ষায় আমাদের ছাত্ররা অভাবনীয় সাফল্য অর্জন করেছে, যা আমাদের মানসম্মত শিক্ষা পদ্ধতিরই প্রতিফলন।
ইফতারের পূর্বে শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সূর্যাস্তের সাথে সাথে ছাত্র ও অতিথিরা একসাথে ইফতার গ্রহণ করেন, যা এক উৎসবমুখর ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি করে। স্থানীয় সুধী সমাজ মাদ্রাসার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন