শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

আক্রান্ত শিশুর চিকিৎসা হবে বিনামূল্যে ব্রেইন ফাউন্ডেশন

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৬:১৬ পিএম

আক্রান্ত শিশুর চিকিৎসা হবে বিনামূল্যে  ব্রেইন ফাউন্ডেশন

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরে ব্রেইন ফাউন্ডেশন পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিষ্ঠান সাইনিং লাইফ স্কুলে হৃদরোগ স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করেছে চীনের একটি বিশেষজ্ঞ পেডিয়াট্রিক কার্ডিওলজি টিম। চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতাল ও চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেসের বিশেষজ্ঞরা এই কার্যক্রমে অংশ নেন।

একটি শিশুর সুস্থ হৃদয়, একটি পরিবারে হাসি—এই স্লোগানকে সামনে রেখে বিদ্যালয়টি পরিদর্শন করেন বিদেশি চিকিৎসকরা। পরিদর্শনকালে চিকিৎসক দল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি ও পাঠদান কার্যক্রম প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে সেখানে মোট ১৮ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর হৃদরোগ স্ক্রিনিং সম্পন্ন করা হয়।

পরীক্ষার মাধ্যমে একজন শিশুর হৃদরোগজনিত সমস্যা শনাক্ত করা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ব্রেইন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও চীনের ফুওয়াই হাসপাতালের যৌথ সহযোগিতায় ওই শিশুর সব পরীক্ষা-নিরীক্ষা ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। উদ্যোগটির সাথে যুক্ত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর শাখার সভাপতি অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ। তিনি সংশ্লিষ্ট মেডিকেল টিম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চীনের ফুওয়াই হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানান।

এই কার্যক্রমে সার্বিক সহায়তা দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

দিনাজপুরের গাওসুল আযম চক্ষু হাসপাতালের বিপরীতে ব্রেইন ফাউন্ডেশনের কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়মিত হৃদরোগ চিকিৎসাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।