সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৬:০০ পিএম
সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে রাতের আঁধারে অগ্নিসংযোগের মামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি কামরুজ্জামান খানকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও পেশাজীবীরা।
শনিবার দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ঘটনার সময় কামরুজ্জামান খান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় বসবাস করছেন। প্রকৃত অপরাধীদের আড়াল করার অসৎ উদ্দেশ্যে একজন জ্যেষ্ঠ সাংবাদিককে এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে তারা দাবি করেন। বক্তারা অবিলম্বে মামলা থেকে তার নাম প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
সাভার প্রেসক্লাবের নির্বাহী সদস্য আজিম উদ্দিন বলেন, একটি গাড়ি পোড়ানোর মামলায় ষড়যন্ত্রমূলকভাবে একজন সাংবাদিককে ফাঁসানো হয়েছে, যা খতিয়ে দেখতে হবে। সাভার প্রেসক্লাবের নির্বাহী সদস্য আকলাকুর রহমান আকাশ উল্লেখ করেন, গণমাধ্যমকর্মীদের ওপর চাপ সৃষ্টি ও তাদের কণ্ঠরোধ করতেই এমন অপসংস্কৃতির চর্চা চলছে। যাচাই-বাছাই ছাড়া পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নেওয়া অত্যন্ত উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন। সাভার প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক তৌকির আহাম্মেদ জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন বলেন, ঢাকায় বসবাসরত একজন পেশাদার ব্যক্তির কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাকে কীভাবে মামলায় জড়ানো হলো তা খতিয়ে দেখা দরকার। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন, সদস্য নাজমুল শাহিন, সেলিম আহমেদ, ওমর ফারুক, নোমান মাহমুদ, এম এ হালিম, কাজী মাহবুবুর রহমান ও রাজিব মাহমুদসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন