শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে একজনের কারাদণ্ড

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৬:০৬ পিএম

চিরিরবন্দরে জুয়া খেলার অপরাধে একজনের কারাদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নগদ টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নরেশ (৫০)। তিনি চিরিরবন্দর উপজেলার খোচনা মাঝাপাড়া গ্রামের মৃত গেন্দুরাম রায়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চিরিরবন্দর থানার ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নের খোচনা চকরামপুর গ্রামে সুইস গেট সংলগ্ন শ্মশানের দক্ষিণ-পূর্ব পাশে একটি বটগাছের নিচে মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। উপপরিদর্শক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নগদ টাকার বিনিময়ে জুয়া খেলার সময় নরেশকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান চলাকালে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস জব্দ করা হয়। আটকের বিষয়টি পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে অবহিত করা হলে তিনি সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিকতা বিবেচনা করে আটক নরেশকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।