সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৭:১৫ পিএম
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে শৈশবের বহুল আলোচিত সেই ভাইরাল ছবি ফেসবুক থেকে মুছে দিতে নিজ বাবাকে অনুরোধ করেছিলেন স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল।
২০০৮ সালে একটি দাতব্য অনুষ্ঠানে তোলা সেই ছবিতে দেখা যায়, বাথটাবে বসে থাকা শিশু ইয়ামালকে গোসল করাতে তার মাকে সহযোগিতা করছেন দীর্ঘ চুলের তরুণ মেসি। ছবিটি পরবর্তীতে নতুন করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে বার্সেলোনায় বেড়ে ওঠার কারণে প্রায়ই ইয়ামালের খেলার ধরনের সঙ্গে মেসির তুলনা টানা হতো। মেসিকে নিজের আদর্শ মানলেও কখনোই তাঁর ছায়াতলে আটকে থাকতে চাননি এই স্প্যানিশ ফরোয়ার্ড। ১৭ বছর আগের সেই মুহূর্তটি যেন তাঁর ওপর বাড়তি প্রত্যাশা বা তুলনার বোঝা তৈরি না করে, সে বিষয়ে তিনি সতর্ক ছিলেন।
নিজের অবস্থান স্পষ্ট করে ইয়ামাল জানান, তিনি বাবাকে ফেসবুক থেকে ছবিটি সরিয়ে নিতে বলেছিলেন।
তিনি উল্লেখ করেন, মানুষের পক্ষে দুজনের মধ্যে তুলনা করা খুব সহজ ছিল। তবে তিনি কখনো মেসি হওয়ার চেষ্টা করেননি, বরং নিজের পরিচয়ে লামিন হিসেবে প্রতিষ্ঠিত হতে চেয়েছেন। তিনি বাবাকে পরামর্শ দিয়েছিলেন, তিনি যতদিন না খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান তৈরি করতে পারছেন, ততদিন পর্যন্ত যেন ছবিটি প্রকাশ্যে না রাখা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন