শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

শিশু হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস অ্যাটর্নি জেনারেলের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৫:৩৮ পিএম

শিশু হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস অ্যাটর্নি জেনারেলের

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া এক শিশুর মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের কার্যকর ভূমিকার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিহত শিশুর বাবা সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই প্রতিশ্রুতি দেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে। এই আইনি প্রক্রিয়ার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবগত হতে নিহত শিশুর বাবা অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করেন।

সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল ভুক্তভোগী পরিবারকে জানান যে সরকার তাদের পাশে রয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সর্বোচ্চ কার্যকর ভূমিকা পালন করবে।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ মে ২০২৬ তারিখে ঢাকার পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ ভবনের পাশের একটি ফ্ল্যাটে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার দিনই প্রতিবেশী সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরবর্তীতে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পরবর্তীতে দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষে গত ৭ জুন ২০২৬ ঢাকার একটি আদালত মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। নিম্ন আদালতের এই রায় কার্যকরে বর্তমানে উচ্চ আদালতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।