মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,

ঝিনাইদহে শিশু হত্যা মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৪:০৬ পিএম

ঝিনাইদহে শিশু হত্যা মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. হেলাল উদ্দীন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি শান্তনা খাতুন শহরের পবহাটি গ্রামের আক্তারুজ্জামান মাসুমের স্ত্রী। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ৩ ডিসেম্বর বিকেলে পবহাটি গ্রামের এক ব্যক্তির সাড়ে তিন বছর বয়সী মেয়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সন্তানের খোঁজ না পেয়ে সেদিনই ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। নিখোঁজের কয়েক ঘণ্টা পর ওই দিন রাতেই প্রতিবেশী আক্তারুজ্জামান মাসুমের ঘর থেকে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় জিজ্ঞাসাবাদের জন্য মাসুমের স্ত্রী শান্তনা খাতুনকে হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে হত্যাকাণ্ডে জড়িত থাকার সরাসরি প্রমাণ মেলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে মাত্র ২৭ দিনের মাথায় ২০২৫ সালের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কঠোর পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।