শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

ডেঙ্গু প্রতিরোধে বীরগঞ্জজুড়ে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

নাজমুল হোসেন

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৬:৪৩ পিএম

ডেঙ্গু প্রতিরোধে বীরগঞ্জজুড়ে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের নেতৃত্বে বীরগঞ্জের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরে একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দিনব্যাপী অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিষ্কার করা হয়। এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো শনাক্ত করে ধ্বংস করার পাশাপাশি পানি জমে থাকার উৎস নির্মূলে জোর দেন কর্মকর্তারা।

কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয় শুধু ওষুধ ছিটিয়ে মশক নিধনের চেয়ে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার প্রতি। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচির অংশ হিসেবে এখন থেকে প্রতি শনিবার এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা হয়।

উপস্থিত কর্মকর্তারা প্রতিটি পরিবারকে নিজ নিজ বসতবাড়ির ছাদ, আঙিনা, নর্দমা ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, বীরগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. হাবিবুর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।