সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৫:২০ পিএম
সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশ এবং জাতি গঠনের কাজে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলনমেলা ও মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সাংবাদিকতা একটি অত্যন্ত সম্মানিত ও দায়িত্বশীল পেশা। পেশাগত জায়গা থেকে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, স্থানীয় সাংবাদিকদের নিয়ে এমন মিলনমেলার আয়োজন সত্যিই প্রশংসনীয়। আগামী দিনে সমন্বিত প্রচেষ্টায় টাঙ্গাইলকে একটি সুন্দর ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, একরামুল হক খান তুহিন, কাদির তালুকদার, সোহেল তালুকদার ও কামাল হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আল মামুনের সঞ্চালনায় সভায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জেলা এবং উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা মতামত তুলে ধরেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন