শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতারে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৩:১৫ পিএম

ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতারে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করতে পারলে পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনীকে নিজস্ব গোয়েন্দা তথ্য আরও কার্যকরভাবে ব্যবহারের তাগিদ দিয়ে বলেন, যারা ফ্যাসিবাদের ও আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদের পুরস্কৃত করা হবে। গত সপ্তাহে এমন দুজন এবং শুক্রবারও একজনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা এতদিন এখানেই লুকিয়ে ছিল। পুলিশের গোয়েন্দা সক্ষমতাকে সর্বোত্তম আখ্যা দিয়ে তিনি বাহিনীকে নিজেদের সেই তথ্যভাণ্ডার পুরোদমে কাজে লাগানোর নির্দেশ দেন।

দেশে যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়েও দৃঢ় অবস্থান জানান মন্ত্রী। তিনি বিগত শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, যারা এক মাসে এক হাজার ৪০০ মানুষকে হত্যা করতে পারে, আকাশ থেকে গুলি চালিয়ে নিজ দেশের নাগরিকদের হত্যা করতে পারে এবং রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে দেশকে গণতন্ত্রহীন করেছিল, তাদের দেশের জনগণ আর কখনো রাজনীতিতে দেখতে চাইবে না।

অনুষ্ঠানে বীরত্ব ও সেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।