শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,

ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:৩২ পিএম

ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। 

তিনি স্পষ্ট করে বলেন, রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। রাজপথে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণ দ্বারা বিতাড়িত হয়ে তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। অতীতে যারা গুম, খুন ও নির্যাতন চালিয়েছে এবং নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা ও গুলি করেছে, তারা আজ আবার ভিন্ন কৌশলে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে।  তিনি উল্লেখ করেন, কী কারণে পালিয়ে যেতে হলো সে বিষয়ে তাদের এখনো বোধোদয় হয়নি এবং তারা লজ্জিত হয়ে জাতির কাছে ক্ষমাও চায়নি। 

ষড়যন্ত্রের মাধ্যমে রাজনীতি করার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রপ্রিয় জনগণই অতীতের মতো যেকোনো অপশক্তিকে প্রতিহত করবে। বিগত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, তারা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সেই ধ্বংসস্তূপ থেকেই রাষ্ট্র পরিচালনার কাজ এগিয়ে নিচ্ছেন তারেক রহমান। তিনি আরও বলেন, জনগণের দল বিএনপিকে কোনো ষড়যন্ত্র দিয়ে দমানো সম্ভব নয়। মানুষ ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য রাজপথে দীর্ঘ সংগ্রাম করেছে। যারা জনগণের অধিকার নিয়ে ষড়যন্ত্র করেছে, তারাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জনগণ তাদের জবাব দিয়েছে। 

জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করেছে জানিয়ে তিনি কোনো অপশক্তি যেন দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের কল্যাণে সমান্তরালভাবে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে অংশ নেন। 

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন ও অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিমুদ্দিন বিপ্লব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ উপজেলা, পৌর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।