সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৬:২৪ পিএম
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, একাত্তরের রাজাকার, নব্বইয়ের স্বৈরাচার এবং চব্বিশে দেশের মানুষের সাথে যারা বেইমানি করেছে, তারা প্রয়োজনে আবারও এক হয়ে যেতে পারে। সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে উল্লেখ করে তিনি বলেন, ভোটে জয়ী হতে অনেকেই বিভিন্ন কৌশলে ফ্যাসিস্ট শক্তির সাথে আঁতাত করার চেষ্টা করছে। এসব অপশক্তি যেন নির্বাচনী প্রক্রিয়ায় কোনো সুযোগ না পায়, সে জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি ঐক্যবদ্ধ থেকে যদি দল ও সরকারের ইতিবাচক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারে, তবে কোনো গোপন শক্তি ক্ষতি করতে পারবে না।
কয়েক দিন আগে একটি রাজনৈতিক দলের নেতার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, কারা দেশকে অস্থিতিশীল করতে চায় তা এখন স্পষ্ট। যেখানেই সন্ত্রাস, অগ্নিসংযোগ ও বোমাবাজি দেখা যাবে, সেখানেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেন তিনি। দেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানসহ প্রতিটি ঐতিহাসিক আন্দোলনে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের অবদান অনস্বীকার্য। দলের নেতাকর্মীদের মূল্যায়ন প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন।তিনি জানান, বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যারা মামলা-হামলার শিকার হয়েছেন এবং জেল খেটেছেন, নতুন পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ডে তাদেরই প্রাধান্য দেওয়া হবে। কোনো সুযোগসন্ধানী বা হাইব্রিড ব্যক্তিকে সুযোগ দেওয়া হবে না এবং এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অত্যন্ত স্পষ্ট। সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন