মার্চ ১৬, ২০২৬, ১১:২৭ এএম
দিনাজপুরের কাহারোল উপজেলায় আজ থেকে শুরু হওয়া খাল খনন কর্মসূচি অত্র অঞ্চলের কৃষি ও জনজীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে কাহারোলের রামগঞ্জ এলাকার প্রায় ৩১ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।
একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষের দীর্ঘদিনের পানির সমস্যার সমাধান হবে।আজ বেলা ১১টা ৪৫ মিনিটে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশব্যাপী ৫৪টি খালের খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। প্রধানমন্ত্রী নিজেই কোদাল হাতে কাহারোলের বলরামপুরের সাহাপাড়ায় নামবেন এবং প্রতীকীভাবে খনন কাজ শুরু করবেন। সমাজকল্যাণমন্ত্রী মনে করেন, এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমাবে এবং কৃষি উৎপাদনে গতিশীলতা আনবে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আজ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোলের কর্মসূচিস্থলে পৌঁছাবেন। সরকারের মহাপরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা ও খাল খনন করা হবে। যার প্রথম ধাপ হিসেবে আজ দিনাজপুরের এই ঐতিহাসিক সাহাপাড়া খাল থেকে ৫৪টি জেলার খনন কাজ একযোগে শুরু হচ্ছে। কৃষি সেচ নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করাই এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন