এপ্রিল ৬, ২০২৬, ০২:৫৩ পিএম
মানবতাই পরম ধর্ম”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ‘সারা বাংলা’৮৮ ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের ‘স্বাবলম্বী প্রজেক্ট-৭’-এর আওতায় এবং দিনাজপুর জিলা স্কুল-৮৮ ব্যাচের যৌথ উদ্যোগে প্রয়াত বন্ধু আব্দুর রহিমের পরিবারকে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত রিকশা) প্রদান করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে দিনাজপুর জেলা শাখার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করা হয়।
ইজিবাইক প্রদান অনুষ্ঠানে সারা বাংলা’৮৮ ফাউন্ডেশনের জেলা কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু বলেন, “আমরা বিশ্বাস করি, এই ইজিবাইক থেকে অর্জিত আয় প্রয়াত বন্ধুর পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সক্ষম হবে।
আমাদের এই সংগঠন মূলত একটি চ্যারিটিমূলক প্ল্যাটফর্ম। আমরা পিছিয়ে পড়া অস্বচ্ছল বন্ধুদের সহায়তা, তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ এবং ঈদে খাদ্য সহায়তা প্রদান করে আসছি।” তিনি আরও জানান, এই উদ্যোগ নতুন প্রজন্মকে আর্তমানবতার সেবায় উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন মরহুম আব্দুর রহিমের সহধর্মিণী মোছাঃ লিপি আক্তার। তিনি বলেন, “সারা বাংলা’৮৮ ফাউন্ডেশন আমাদের পরিবারের জন্য যা করল, তা প্রকৃতপক্ষেই মানবতার বড় পরিচয়। আমার ছেলে-মেয়েরা এখন এই ইজিবাইকের আয় থেকে তাদের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে।ইজিবাইক হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সারা বাংলা’৮৮ ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা ও চ্যানেল আই-এর জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলম শাহী।
এছাড়াও উপস্থিত ছিলেন জয়েন্ট কো-অর্ডিনেটর মোজাহারুল ইসলাম মানিক, এন্তেখাপ আলম রিপন, মমতাজ পারভীন মম, মোস্তাফিজুর রহমান, শফিকুল হক হিরন, মোকাররম হোসেন, আব্দুল মোস্তাক রুবেল এবং আবু রায়হান ইভা।উল্লেখ্য, গ্রুপ ফাউন্ডার কাজী মোস্তাক আহমেদ ইমনের হাত ধরে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনটি দীর্ঘ দিন ধরে দেশজুড়ে ছড়িয়ে থাকা ৮৮ ব্যাচের বন্ধুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
বিশেষ করে সংকটে পড়া বন্ধু ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সংগঠনটি ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দিনাজপুরের এই উদ্যোগটিও সেই ধারাবাহিক চ্যারিটি কার্যক্রমের একটি অংশ। স্থানীয় সুধীমহল বন্ধুদের এমন ঐক্যবদ্ধ মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন