এপ্রিল ৮, ২০২৬, ১১:১০ পিএম
দিনাজপুরে মঙ্গলবার বিকেলে বয়ে যাওয়া আকস্মিক শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জেলার ১৩টি উপজেলার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে হঠাৎ শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে জেলার কৃষি খাত চরম বিপর্যয়ের মুখে পড়েছে। বিশেষ করে অন্তত সাতটি ইউনিয়নের বিভিন্ন মাঠে থাকা দণ্ডায়মান ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মাঠ পর্যায়ের কৃষকেরা জানিয়েছেন, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির আঘাতে ভুট্টা ক্ষেতগুলো মাটির সঙ্গে মিশে গেছে। অনেক স্থানে বড় বড় শিলার আঘাতে গাছগুলো ভেঙে পড়ায় ফলন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভুট্টার পাশাপাশি পেঁয়াজ ক্ষেতেও ব্যাপক ক্ষতি লক্ষ্য করা গেছে।
শিলার আঘাতে বোরো ধান ও লিচুর বাগানেও ক্ষতির চিহ্ন স্পষ্ট। লিচুর গুটি ও কচি পাতা ঝরে পড়ায় লোকসানের আশঙ্কায় দিন কাটছে বাগান মালিকদের। এতে করে জেলাজুড়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক চাষিরা।
ফুলবাড়ী উপজেলার কৃষক আব্দুল লতিফ নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে বলেন, হঠাৎ শুরু হওয়া ঝড় আর শিলার তোড়ে আমাদের ভুট্টা সব নষ্ট হয়ে গেছে। অধিকাংশ গাছই মাটিতে শুয়ে পড়েছে। এখন কী করবো, কিছুই বুঝতে পারছি না।লতিফের মতো জেলার অনেক কৃষকেরই এখন একই দশা। তারা এই আকস্মিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকেরা এখন ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তা বা প্রণোদনা কামনা করেছেন।
জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, ঝড়ের খবর পাওয়ার পর থেকেই মাঠ পর্যায়ে তথ্যানুসন্ধান শুরু হয়েছে। কৃষি কর্মকর্তারা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে। মূলত ধান ও ভুট্টা চাষিরাই এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর ফলে স্থানীয় বাজারে কৃষি পণ্যের সরবরাহে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন