জুন ৫, ২০২৬, ০৮:৫৬ পিএম
দিনাজপুরের বিরল উপজেলায় বজ্রপাতে ফজিলা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে ধর্মপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গোয়ালবাড়ি গ্রামের পুনর্ভবা নদীর পাড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলা আক্তার ওই এলাকার ফসি উদ্দীনের মেয়ে এবং আজিমুল হকের স্ত্রী।তিনি এক ছেলে ও দুই মেয়ের মা ছিলেন।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে পুনর্ভবা নদীর পাড়ে গবাদি পশু আনতে গিয়েছিলেন তিনি। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে ফজিলা আক্তার পাশের একটি গাছের নিচে আশ্রয় নেন। ঠিক সেই মুহূর্তে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বজ্রপাতের সময় খোলা মাঠে থাকা বা গাছের নিচে আশ্রয় না নেওয়ার বিষয়ে স্থানীয় প্রশাসন বারবার সচেতনতামূলক বার্তা দিয়ে আসছে। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন