রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মাদ্রাসা পরিদর্শনে সমন্বিত পদক্ষেপের তাগিদ দিলেন শিক্ষামন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০৮:১৯ পিএম

মাদ্রাসা পরিদর্শনে সমন্বিত পদক্ষেপের তাগিদ দিলেন শিক্ষামন্ত্রী

মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দেশে মাদ্রাসা পরিদর্শকের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় অনেক প্রতিষ্ঠান যথাযথভাবে পরিদর্শনের আওতায় আসছে না, তাই মাদ্রাসা বোর্ডগুলোকে অন্যান্য সাধারণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরিদর্শন কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেন তিনি।

সাধারণ শিক্ষা বোর্ডের মতো আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাতেও অভিন্ন প্রশ্নপত্রের পরিকল্পনা চলছে।আজ শুক্রবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। 

আসন্ন উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়। সভার শুরুতে শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট কলেজগুলোর ফলাফল বিষয়ে উপস্থিত অধ্যক্ষদের মতামত শোনেন এবং চলমান শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁস সংক্রান্ত যেকোনো ধরনের গুজব প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী স্পষ্ট করেন যে, প্রশ্নফাঁস নিয়ে কেউ বিভ্রান্তি বা অপপ্রচার চালালে তার বিরুদ্ধে পুলিশ তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজনে আটক করা হবে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা উপস্থিত ছিলেন।