রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে সাংবাদিকদের নিয়ে আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৭:২১ পিএম

দিনাজপুরে সাংবাদিকদের নিয়ে আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

কর অঞ্চল-দিনাজপুরের উদ্যোগে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণে আয়কর বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার কাজী টাওয়ারে অবস্থিত কর অঞ্চলের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালাটি সম্পন্ন হয়। আয়কর প্রদানের গুরুত্ব ও করদাতাদের সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এতে বিস্তারিত আলোচনা করা হয়।

দিনাজপুরের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছেন।প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কর অঞ্চল-দিনাজপুরের কর কমিশনার মো. হাফিজ আল আসাদ। কর্মশালায় দিনাজপুর জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা নতুন গঠিত কর অঞ্চল-দিনাজপুরের কর্মপরিধি এবং রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। কর কমিশনার তার বক্তব্যে বলেন, আয়কর সংক্রান্ত সঠিক তথ্য ছড়িয়ে দিতে সংবাদমাধ্যমের বিকল্প নেই।উল্লেখ্য, ২০২৫ সালের প্রথমার্ধে কর অঞ্চল-রংপুর থেকে আলাদা হয়ে উত্তরবঙ্গের তিনটি জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় নিয়ে নতুন কর অঞ্চল-দিনাজপুর গঠিত হয়। 

বর্তমানে ৬ হাজার ৫৫৮ বর্গকিলোমিটার আয়তনের এই কর অঞ্চলে প্রায় তিন লক্ষ নিবন্ধিত করদাতা রয়েছেন। করদাতাদের সেবা সহজতর করতে কর অঞ্চলের অধিক্ষেত্র ও উৎস করের তথ্য সম্বলিত একটি বিশেষ বুকলেট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও কর কমিশনার জানান।কর্মশালায় কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আয়করের বিভিন্ন কারিগরি দিক, রিটার্ন দাখিল পদ্ধতি এবং উৎস কর কর্তন সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় কর অঞ্চল-দিনাজপুরের ডেপুটি কমিশনার অনুপম দাস, পরিদর্শক মো. তারিক উল হাসান ও দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।