জুলাই ২৮, ২০২৬, ০৩:২৫ পিএম
পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুর জেলার ডাসার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই বিশেষ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে গাছের চারা রোপণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সরকারদলীয় হুইপ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।
স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।সবুজায়ন ও পরিবেশ সুরক্ষায় এই ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বৃক্ষরোপণ শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে মাননীয় হুইপ বলেন, জলবায়ু পরিবর্তনের বহুমুখী ঝুঁকি থেকে দেশকে রক্ষা করতে হলে ব্যাপকভাবে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই টেকসই হয় যখন তার পরিবেশ সুরক্ষিত থাকে। তিনি তরুণ প্রজন্মকে শুধু চারা রোপণ করলেই চলবে না, বরং সেগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষার মাধ্যমে বড় করে তোলার আহ্বান জানান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করার ওপরও তিনি বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা কলেজ প্রাঙ্গণের বিভিন্ন ফাঁকা স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এই মহতী উদ্যোগের জন্য হুইপকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তার সহযোগিতা কামনা করেন।শিক্ষা প্রতিষ্ঠানের এই সবুজায়ন কর্মসূচি স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন