বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

বরেন্দ্র অঞ্চলে বৃক্ষরোপণ ৫০ হাজার চারা রোপণের উদ্যোগ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৬:০৩ পিএম

বরেন্দ্র অঞ্চলে বৃক্ষরোপণ ৫০ হাজার চারা রোপণের উদ্যোগ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বরেন্দ্র অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁর ধামইরহাট ও নিয়ামতপুর উপজেলায় ৫০ হাজার গাছের চারা রোপণের বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বনায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় বাস্তবতায় উপযুক্ত পরিবেশ তৈরি করতে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির এসব চারা রোপণের কাজ বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

উদ্বোধন করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী। গত ৪ সেপ্টেম্বর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা এলাকার ভোলাপুকুরপাড়ে এই সবুজায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ‍‍`গো ফর ইমপ্যাক্ট‍‍` প্রকল্পের মাধ্যমে কার্যক্রমটি মাঠে রূপ পাচ্ছে। এই অভিযানের মূল লক্ষ্য বরেন্দ্র অঞ্চলের রুক্ষ মাটির উপযোগী বৃক্ষসম্পদ সম্প্রসারণ এবং স্থানীয় প্রাণবৈচিত্র্য টিকিয়ে রাখা।

কর্মসূচির আওতায় ইতিমধ্যে ধামইরহাট ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ১২ হাজার চারা রোপণ শেষ হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ, গ্রামীণ সড়কের দুই পাশ, কবরস্থান, শ্মশানঘাট, ঈদগাহ মাঠ এবং পুকুর ও ক্যানেলের পাড়ে এসব গাছ লাগানো হয়। রোপিত চারাগুলোর মধ্যে রয়েছে আমলকী, আমড়া, অর্জুন, বহেরা, পেয়ারা, জামরুল, জলপাই, কৃষ্ণচূড়া, মেহগনি, আম ও নিমসহ দেশীয় নানা জাতের গাছ। বাকি ৩৮ হাজার চারা লাগানোর প্রক্রিয়া বর্তমানে মাঠপর্যায়ে চলছে।

রোপিত গাছগুলো যাতে যথাযথ পরিচর্যায় বেড়ে উঠতে পারে, সে জন্য স্থানীয় বাসিন্দা, বিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং সামাজিক প্রতিনিধিদের সরাসরি যুক্ত করা হয়েছে। প্রতিটি গাছের সুরক্ষায় ডিজিটাল নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে এমওয়াটার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাঠপর্যায়ের সার্বিক অগ্রগতির তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।