জুলাই ৩০, ২০২৬, ০৩:১৮ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গত এক দশক ধরে নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে পরিবেশ সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। উপজেলার তিন নম্বর গোপালগঞ্জ ইউনিয়নের গরিবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. আর্জিনা খাতুন এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।
জানা গেছে, দুই হাজার আট সালে শিক্ষকতা পেশায় যোগদান করা আর্জিনা খাতুন দুই হাজার ষোলো সাল থেকে নিজ অর্থায়নে ও উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নিয়মিত গাছের চারা তুলে দিচ্ছেন। একজন শিক্ষার্থী ছোটবেলা থেকেই যদি একটি গাছের দায়িত্ব গ্রহণ করে, তবে তার মাঝে প্রকৃতি ও সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয়—এই বিশ্বাস থেকেই তিনি এই কার্যক্রম পরিচালনা করে আসছেন।
প্রথমে নিজের বাড়ি থেকে উৎপাদিত চারা দিয়েই এই কাজের সূচনা হলেও পরবর্তীতে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ দেখে প্রতিবছরই বিতরণের পরিধি বাড়ানো হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, চারা পাওয়ার পর শিশুরা নিজ বাড়িতে তা রোপণ ও নিয়মিত পরিচর্যা করছে। ফলে একদিকে যেমন সবুজ পরিবেশ তৈরি হচ্ছে, অন্যদিকে শিশুদের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
সহকর্মীরা জানান, তিনি কেবল একজন দক্ষ শিক্ষকই নন, বরং একজন প্রকৃত পরিবেশপ্রেমী। এর স্বীকৃতিস্বরূপ দুই হাজার চব্বিশ সালে তিনি নবাবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন। স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষকের এমন মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন