বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অলিউর রহমান মিরাজ

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৬:২৬ পিএম

নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি

পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন।

কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। একই সঙ্গে জননিরাপত্তা রক্ষা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের মাঠে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতারা বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।