রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পড়াশোনার চাপে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০৯:৫৭ এএম

পড়াশোনার চাপে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদন

মনকে নির্মল আনন্দে ভরে তোলার মূল মাধ্যম হলো বিনোদন ও খেলাধুলা। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ ছাত্র-ছাত্রীর জীবনে সেই আনন্দের সুযোগ প্রায় সংকুচিত হয়ে এসেছে। অভিভাবক মহলে এক ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে যে খেলাধুলা করলে সময় নষ্ট হয় এবং পড়াশোনায় ব্যাঘাত ঘটে।এই মানসিকতা কোমলমতি শিক্ষার্থীদের শৈশব কেড়ে নিচ্ছে।

বিদ্যালয় থেকে বাড়ি ফিরেই শিক্ষার্থীদের দম ফেলার ফুরসত থাকে না। কোনো বিশ্রাম না নিয়েই ছুটতে হয় কোচিং সেন্টারে। সেখান থেকে বাসায় ফিরে গৃহশিক্ষকের কাছে গণিত, তারপর ইংরেজি এবং বিজ্ঞান পাঠ। এর পাশাপাশি অনেকে আবার চিত্রাঙ্কন বা আরবি শিক্ষা নিলেও সারাদিনের ক্লান্তিতে সেসব চর্চা করার মতো মানসিক শক্তি বা সময় তাদের থাকে না। চর্চার অভাবে এই সহজ লেখাপড়াও তাদের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে।

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিদিন অন্তত দেড় ঘণ্টা খেলাধুলার সুযোগ রাখা অত্যন্ত জরুরি। খেলাধুলা করলে তাদের মস্তিষ্কের ওপর জমা হওয়া ক্লান্তি ও চাপ হালকা হয়। ফলে মন ফুরফুরে থাকলে কঠিন পড়াও তারা সহজে আত্মস্থ করতে পারে।

ভালো মানের খেলোয়াড় তৈরি করা মূল লক্ষ্য না হলেও, নিয়মিত খেলার মধ্য দিয়ে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত হয়। সব মিলিয়ে পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত বিনোদনের সুযোগই পারে শিক্ষার্থীদের প্রকৃত মেধা বিকশিত করতে।