রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপিত

মো: মামুনুর রশিদ

আগস্ট ১, ২০২৬, ০৫:৫১ পিএম

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। স্বাস্থ্যসম্মত উপায়ে নবজাতকের পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রখির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. নূর আলম। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নবজাতকের জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে মাতৃদুগ্ধ পান শুরু করা অত্যন্ত জরুরি। জীবনের প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়াতে হবে এবং পরবর্তীতে পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত তা চালিয়ে যেতে হবে। মাতৃদুগ্ধ শিশুর সুষম শারীরিক ও মানসিক পুষ্টির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।দিনাজপুর জেলায় সপ্তাহজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।