রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৬, ২০২৬, ০৮:২১ পিএম

গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদ পতন ও ছাত্র-জনতার বিজয়ের এই দিনটি স্মরণে বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।বিকেল সাড়ে পাঁচটায় দিনাজপুর জিমনেশিয়াম সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ চত্বর থেকে একটি বিশাল বিজয় মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এ সময় হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মিছিল শুরুর পূর্বে জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিকনির্দেশমূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্য প্রদানকালে নেতারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন যে ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তাঁরা।

দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, আলহাজ্ব সোলায়মান মোল্লা ও হাসানুজ্জামান উজ্জ্বল। পরিশেষে দেশের শান্তি ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।