আগস্ট ১২, ২০২৬, ১১:৫৫ এএম
দিনাজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ এবং সদ্য সমাপ্ত জুলাই মাসের আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা।সভায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন পেশাগত বিষয়, কর্মপরিবেশ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ সদস্যদের যেকোনো ব্যক্তিগত বা পেশাগত সমস্যা সমাধানের পাশাপাশি সার্বিক কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিটি পুলিশ সদস্যকে আরও আন্তরিক ও নিষ্ঠাবান হওয়ার পরামর্শ দেওয়া হয়।
সভা শেষে জেলায় কর্মরত পাঁচজন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী সদস্যরা হলেন উপপরিদর্শক কিশোর কুমার দেবশর্মা, সহকারী উপপরিদর্শক তোবারক হোসেন এবং তিন কনস্টেবল আব্দুল কুদ্দুস, সাখাওয়াত হোসেন ও কবির হোসেন। এ সময় পুলিশ সুপার তাদের সুস্বাস্থ্য, সুখ ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুষ্ঠু রাখতে সার্কেল অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আরও তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন পুলিশ সুপার। পুলিশি সেবার মান আরও উন্নত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব দেখানোর ওপর জোর দেওয়া হয়। সবশেষে জুলাই মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন