মোঃ মোমিনুল ইসলাম
অক্টোবর ১, ২০২৫, ০২:৪৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিনে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২০২৫) সকালে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে বিশেষ ধর্মীয় আচার 'কুমারী পূজা' অনুষ্ঠিত হয়েছে।
শাস্ত্রমতে, এই পূজা দেবী দুর্গার এক বিশেষ রূপের আরাধনা। এ বছর দেবী রূপে পূজিত হন ৬ বছর ৩ মাস ২০ দিন বয়সী শিশু মধুশ্রী গাঙ্গুলী। শাস্ত্রীয় বিধান মেনে তার নামকরণ করা হয় ‘মালিনী’।
সকাল ৯টায় শুরু হওয়া এই পূজায় বালিকা মধুকে দেবী দুর্গা জ্ঞানে ষোড়শ উপাচারে পূজা ও আরাধনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী বালিকার মধ্যে দেবী দুর্গার দিব্য উপস্থিতি কল্পনা করে এই পূজা করা হয়।
পূজা মণ্ডপে উপস্থিত অসংখ্য ভক্ত ও দর্শনার্থী ভক্তিভরে দেবী রূপী মালিনীকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন। রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সন্ন্যাসী ও পুরোহিতরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারের মধ্য দিয়ে কুমারী পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।