রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আবারো সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয়কে পুশইনের চেষ্টা প্রতিহত করলেন বিজিবি ও স্থানীয়রা

কুদ্দুস আলী খান

সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৯:৫২ এএম

আবারো সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয়কে পুশইনের চেষ্টা প্রতিহত করলেন  বিজিবি ও স্থানীয়রা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বিরামপুর সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয় বাসিন্দারা। দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের গোবিন্দপুর সীমান্ত দিয়ে রোববার রাতে ১৪ থেকে ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গ্রামবাসী ও বিজিবির কঠোর সতর্কতার মুখে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় তারা।

সীমান্ত পাহারায় রাতভর মোড়ে মোড়ে অবস্থান নেন গ্রামবাসী। রোববার রাত ১১টার দিকে গোবিন্দপুর সীমান্তের ২৮৯ এর ৪৬ এস পিলার এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া অতিক্রম করিয়ে ওই ব্যক্তিদের পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দা নাজমুল রহমান বাড়ির পাশের জমিতে অবস্থান করছিলেন। তিনি কয়েকজনকে প্রবেশ করতে দেখে চিৎকার শুরু করলে বিজিবি টহল দল এবং আশপাশের মানুষ দ্রুত জড়ো হন। প্রবল বাধার মুখে বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় এবং সোমবার ভোরের দিকে তারা ভেতরের দিকে চলে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাটলা ইউনিয়নের স্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরুষদের পাশাপাশি স্থানীয় নারীরাও লাঠি হাতে মোড়ে মোড়ে পাহারা বসিয়েছেন। একই সঙ্গে সীমান্তের নিরাপত্তা চৌকিগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং আনসার সদস্যরাও তাদের সঙ্গে যৌথভাবে টহল কার্যক্রমে অংশ নিচ্ছেন।

দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুরো সীমান্ত এলাকায় সর্বোচ্চ নজরদারি বজায় রয়েছে।