সেপ্টেম্বর ১২, ২০২৬, ০২:৪৭ পিএম
হিলিতে পাতা খেলা দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন বিভিন্ন বয়সের শত শত মানুষ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার আয়োজন করে বোয়ালদাড় ইউনিয়নের যুবসমাজ। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শাহীনুর ইসলাম শাহীন।
মাঠের মাঝখানে পাতারূপী মানুষকে কেন্দ্র করে এই প্রতিযোগিতা চলে। হিলিসহ বিভিন্ন উপজেলা থেকে আসা মোট নয়টি তান্ত্রিক দল এতে অংশ নেয়। প্রচলিত নিয়ম অনুসারে তান্ত্রিকরা তাদের নিজস্ব মন্ত্রের সাহায্যে মাঠের কেন্দ্রস্থলে থাকা পাতাকে নিজের দিকে টানার কসরত দেখান। যে দল মন্ত্রবলে পাতাকে নিজেদের সীমানায় টানতে পেরেছে, তাদের ঝুলিতেই জমা হয়েছে পয়েন্ট।
পয়েন্ট গণনার ভিত্তিতে আটটি দলকে পরাজিত করে বিজয়ী হয় টিকুর এলাকার দল। পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি খাসি। খেলা দেখতে আসা নারী-পুরুষ ও শিশু-কিশোরদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলাগুলো টিকিয়ে রাখতে ভবিষ্যতেও সব ধরনের সাংগঠনিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজনৈতিক নেতাকর্মীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন