রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নভেম্বরের ১২ দিনে রেমিট্যান্স কত এলো ?

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১১:৩৪ পিএম

নভেম্বরের ১২ দিনে রেমিট্যান্স কত এলো ?

চলতি বছরের নভেম্বর মাসের শুরু থেকেই দেশের প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। মাসের প্রথম ১২ দিনেই প্রবাসীরা দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে।

১৩৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১৬ হাজার ৪২১ কোটি ২০ লাখ টাকা।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বুধবার অর্থাৎ ১২ নভেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন এক হাজার ৪০৩ কোটি টাকা।

প্রবাসী আয়ের এই উর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বিগত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে দেখা যায়, রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের নভেম্বরের প্রথম ১২ দিনে প্রবাসী আয় এসেছিল ৯৬ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৯ দশমিক ৬০ শতাংশ। ব্যাংকিং চ্যানেলে ডলারের দরে স্থিতিশীলতা এবং হুন্ডি প্রতিরোধে কড়াকড়ির কারণে বৈধ পথে আয় আসা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া চলতি ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ভালো অবস্থানে রয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত সামগ্রিক প্রবাসী আয় এসেছে এক হাজার ১৪৯ কোটি ৫০ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে অর্থাৎ ১ জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছিল ৯৯০ কোটি ২০ লাখ ডলার। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয়ের প্রবৃদ্ধি সন্তোষজনক। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য সরকারের পক্ষ থেকে প্রবাসীদের উৎসাহিত করা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা অব্যাহত রাখায় এই ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে।