সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
ব্রেকিং নিউজ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৯:৫৮ পিএম

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো স্টেশনের নিচে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্যাম্পাস মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে রাজু ভাস্কর্যের পাশে মেট্রো স্টেশনের নিচে দুর্বৃত্তরা আচমকা ককটেল নিক্ষেপ করে।

নিক্ষিপ্ত ককটেলটি সেখানে থাকা এক সংবাদকর্মীর মোটরসাইকেলে আঘাত হানে, ফলে বাইকটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ককটেল বিস্ফোরণের পরপরই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে শিক্ষার্থীদের ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করছেন, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে এবং ভীতি ছড়াতে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার পর টিএসসি ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।