রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
উচ্চশিক্ষায় বিশ্বব্যাংক সহায়তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিট প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের মতবিনিময়

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৪:৫০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিট প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের মতবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্বব্যাংকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়।

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ রূপরেখা নিয়েই এই আনুষ্ঠানিক বৈঠক। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় হিট প্রকল্পের আওতায় বিভিন্ন উপ-প্রকল্পের প্রস্তাবনা, বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের পেশাগত দক্ষতার সুযোগ বাড়াতে একটি আধুনিক প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রতিনিধিরা।

গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি সরাসরি শিল্প এবং সমাজের বাস্তব প্রয়োজনে ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের গবেষণা সক্ষমতা তৈরিতে সমন্বিত বৈশ্বিক সহযোগিতার গুরুত্বের কথা উল্লেখ করেন।

হিট প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের মধ্যবর্তী পর্যালোচনা বা মিড-টার্ম রিভিউ মিশনের কার্যক্রম চলতি বছরের ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে। সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই প্রতিনিধিদলটি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসে।

বৈঠকে বিশ্বব্যাংকের এডুকেশন অ্যান্ড স্কিলস গ্লোবাল প্র্যাকটিসের প্র্যাকটিস ম্যানেজার শেরেজাদ মোনামি লতিফ, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান ও আবদুল হাই সোফিজাদা এবং পরামর্শক ড. মাহমুদ-উল-হক ও এস এম হাফিজ আল মামুন উপস্থিত ছিলেন।

হিট প্রকল্পের পক্ষ থেকে অংশ নেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা মো. মকলেছুর রহমান, উপপরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার আ জ ম হাছান কবির, প্রোগ্রাম অফিসার পারভীন আক্তার, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমির (ইউটিটিএ) ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, রিসার্চ কো-অর্ডিনেশন স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ এবং ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আবদুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা।