সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৪:৩৯ পিএম
বিদ্যমান ও নতুন করে সামনে আসা আন্তঃদেশীয় বিভিন্ন অপরাধ দমনে শক্তিশালী অভ্যন্তরীণ পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা, সবার জন্য বিচার নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি বৃদ্ধি এবং দেশের সামগ্রিক ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।
আবুধাবিতে শুরু হওয়া বিশ্ব অপরাধ সম্মেলনে এই অবস্থান তুলে ধরেছে ঢাকা। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে আইনমন্ত্রী এসব কথা বলেন। ২৬ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে এই আন্তর্জাতিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বক্তব্যে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সামগ্রিক দিকনির্দেশনায় দেশে আইনের শাসন সুসংহত করা, সাধারণ মানুষের ন্যায়বিচারে প্রবেশাধিকার বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার কাজ চলছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিচারিক সংস্কারের সার্বিক চিত্র তুলে ধরে তিনি জাতীয় উদ্যোগ ও বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে সীমান্তপারের অপরাধ প্রতিরোধের ওপর জোর দেন।
সম্মেলনের আনুষ্ঠানিক আবুধাবি ঘোষণার সাথে মিল রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের সুস্পষ্ট অঙ্গীকার প্রকাশ করেছে বলে জানান আইনমন্ত্রী। এর অংশ হিসেবে আদালতগুলোতে সংক্ষিপ্ত বিচারপদ্ধতির কার্যকর প্রয়োগ বাড়ানো, দ্রুত মামলা নিষ্পত্তি, দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলাজট নিরসন এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির পথ সুগম করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অস্ট্রিয়ার ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর প্রতি পাঁচ বছর পর পর এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক কংগ্রেস আয়োজন করে থাকে। সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন