নভেম্বর ১২, ২০২৫, ১১:৩৫ পিএম
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ বাতিল করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।
সংবাদ সম্মেলনে ভিপি সাদিক কায়েম বলেন, "ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়ার বিষয়টি ছিল সম্পূর্ণ অবৈধ এবং ডাকসুর গঠনতন্ত্রের পরিপন্থী।
২০১৯ সালে একটি রেজুলেশনের মাধ্যমে তাকে অগণতান্ত্রিকভাবে এই পদটি দেওয়া হয়েছিল। আজকের সভায় সর্বসম্মতিক্রমে সেই রেজুলেশনটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।"
এর আগে এদিন সন্ধ্যা ৬টায় ডাকসু ভবনের কনফারেন্স রুমে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভায় ডাকসুর ভিপি, জিএস (জেনারেল সেক্রেটারি), এজিএস (অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি) সহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি শেখ হাসিনার সদস্যপদ বাতিলের এজেন্ডাটি গুরুত্বের সঙ্গে আলোচিত হয় এবং শেষ পর্যন্ত তা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন