রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৭ কলেজ নিয়ে যা বললেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২, ২০২৬, ০৩:৪৬ পিএম

৭ কলেজ নিয়ে যা বললেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিদ্যমান সংকট নিরসন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, সাত কলেজের বিষয়টি এখন একটি মীমাংসিত বিষয় এবং এটি নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষই একমত হয়েছেন। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। 

শিক্ষা প্রতিষ্ঠানে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার কোনো হুটহাট সিদ্ধান্ত নেবে না বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন।সচিবালয়ে অনুষ্ঠিত ঐ বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। 

সাত কলেজ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা পরিবর্তন আসবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি যেহেতু ইতিমধ্যে মীমাংসিত, তাই এ নিয়ে নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টির অবকাশ নেই। শিক্ষাঙ্গন একটি অত্যন্ত সংবেদনশীল জায়গা এবং এখানে যেকোনো পরিবর্তন আনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ও সুপরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন। 

বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বিশ্বাসী, তাই যেকোনো পরিবর্তনের আগে সব পক্ষের মতামত ও প্রয়োজনীয় গবেষণাকে প্রাধান্য দেওয়া হবে।ববি হাজ্জাজ আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে যদি সাত কলেজের শিক্ষা কার্যক্রমে আরও উন্নতির প্রয়োজন হয়, তবে সরকার অবশ্যই তা বিবেচনা করবে। তবে সেই পরিবর্তনগুলো হুটহাট না হয়ে বরং একটি সুন্দর পরিকল্পনার অধীনে বাস্তবায়ন করা হবে। 

তিনি মনে করেন, শিক্ষাঙ্গনের পরিবেশ স্বাভাবিক রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের জীবন বা একাডেমিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে চায় না শিক্ষা মন্ত্রণালয়। সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা ফেরানোই এখন মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য বলে তিনি জানান।