রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ম পর্যায়ের ভর্তি শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ১১:৫৯ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ম পর্যায়ের ভর্তি শুরু

জবিতে ভর্তি কার্যক্রম শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের পঞ্চম পর্যায়ের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ, বি, সি, ডি ও ই ইউনিটে পঞ্চম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আজ দুপুর ১২টা থেকে আগামী ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ নিজ প্যানেলে লগইন করে অনলাইন ভর্তি ফরম পূরণ করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। 

এর পাশাপাশি ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। সকল কাগজপত্র জমা দেওয়ার পর শিক্ষার্থীদের একটি প্রাপ্তি স্লিপ সংগ্রহ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষদভেদে ভর্তি ফি ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান অনুষদ, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ এবং বিশেষায়িত ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত, নাট্যকলা ও চারুকলা অনুষদের জন্য ভর্তি ফি ধরা হয়েছে ১২ হাজার ৬৩০ টাকা। অন্যদিকে বিজনেস স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ৬৩০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ভর্তি নিশ্চিত করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার পরিদর্শক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পঞ্চম পর্যায়ের এই ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ৮ এপ্রিল ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ ভর্তি হতে ব্যর্থ হলে তার আসনটি শূন্য ঘোষণা করে পরবর্তী মেধাতালিকা থেকে শিক্ষার্থী নেওয়া হবে। ভর্তি সংক্রান্ত যেকোনো আপডেটের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি ধাপে কড়া তদারকি করা হচ্ছে।