সেপ্টেম্বর ১০, ২০২৬, ১০:৩৫ এএম
সরকারি চাকরির এগারো থেকে বিশতম গ্রেডের নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
শিক্ষার্থীরা মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার দাবি জানান। সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে ভাইভার নম্বর বাড়ানো হলে নিয়োগে দলীয়করণ, তদবির ও অনিয়মের সুযোগ বহুলাংশে বৃদ্ধি পাবে। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিবলী সাদিক বলেন, চাকরিপ্রার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না।
শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল উল্লেখ করে তিনি নতুন করে কোনো সুবিধাভোগী প্রক্রিয়া চালু না করার হুঁশিয়ারি দেন। গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান সরকার ও অর্থনীতি বিভাগের মেহেদী হাসান জানান, মৌখিক পরীক্ষার ওপর অতিরিক্ত জোর দিলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হবেন। লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের মাঝে যৌক্তিক ভারসাম্য বজায় রেখে নিয়োগ বিধিমালা সংশোধনের দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, সরকারি চাকরির নিম্ন ও মধ্যম গ্রেডগুলোতে মৌখিক পরীক্ষার নম্বর উল্লেখযোগ্য হারে বাড়িয়ে লিখিত পরীক্ষার পাস নম্বর কমানোর একটি প্রস্তাব সম্প্রতি সামনে এসেছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক কার্যক্রমে আরও দক্ষ ও যোগ্য জনবল যুক্ত করার লক্ষ্যেই এই নীতিগত পরিবর্তনের চিন্তা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন