শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
শিক্ষামন্ত্রী

পাঠ্যবই ছাপায় প্রতারণা করলে আগামীতে কাজ মিলবে না: শিক্ষামন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৮:০২ পিএম

পাঠ্যবই ছাপায় প্রতারণা করলে আগামীতে কাজ মিলবে না: শিক্ষামন্ত্রী

পাঠ্যবই ছাপানোর কাজে কোনো ছাপাখানার মালিক প্রতারণার আশ্রয় নিলে আগামী বছর থেকে তাদের আর বই ছাপার কাজ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

শিক্ষামন্ত্রী বলেন, সবচেয়ে বড় বিষয় হলো কোনো ছাপাখানা যদি একবার প্রতারণা করে, তবে আগামী দিনে তাকে আর বই ছাপাতে দেওয়া হবে না। স্থানীয় শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ছাপাখানার মালিকেরা যেন ভেবেচিন্তে সততার সঙ্গে কাজ করেন, কারণ একবার প্রতারণা করলে পরেরবার তাদের বাদ দেওয়া হবে।

আগের বছরগুলোতে ভারত থেকে পাঠ্যবই ছাপিয়ে আনা হতো স্মরণ করিয়ে দিয়ে ড. এহছানুল হক মিলন জানান, এবার ছাপার মান কিছুটা ভিন্ন এবং দেশের ছাপাখানার মালিকেরা এ ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করছেন।

সবার সহযোগিতায় নির্দিষ্ট সময়ের মধ্যেই মানসম্মত পাঠ্যবই পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীরা যেন বছরের শুরুতেই নতুন বই হাতে পেতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁরা সফলভাবে সময়মতো পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিয়েছেন এবং এবারও শতভাগ নিশ্চিত করে বলা যায় পাঠ্যবই ভালো হবে ও সময়মতো শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে।