অক্টোবর ৩, ২০২৬, ০৮:২৬ পিএম
দীর্ঘ প্রায় ১৫ বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরি ফিরে পেয়েছেন সংস্থার তৎকালীন উপপরিচালক এম. এম. শাব্বির হাসান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলার সব অভিযোগ থেকেও তাকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাময়িক বরখাস্তের পুরো সময়টিকে তার কর্মকাল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
গত ৩০ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশ সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানায় দায়ের করা একটি মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার হন এম. এম. শাব্বির হাসান। ওই দিন থেকেই দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কমিশনের সভায় তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলেও ফৌজদারি মামলার বিচার শেষ হওয়ার পর তা কার্যকর করার কথা ছিল। চট্টগ্রামের বিভাগীয় বিশেষ আদালতে মামলাটির বিচার শেষ হওয়ার পর বিশেষ মামলা নম্বর-৩২/২০১৬-এর রায়ে গত ২৬ মে এম. এম. শাব্বির হাসানকে মামলার দায় থেকে বেকসুর খালাস দেওয়া হয়।
আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল না করার সিদ্ধান্ত নেয় দুদক। পরবর্তীতে গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় আদালতের রায় এবং আপিল না করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শাব্বির হাসানের বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলাটি নিষ্পত্তি করে তাকে চাকরিতে পুনর্বহালের এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আলোচিত বার্জ-মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে মামলা করেছিলেন এই শাব্বির হাসানই। দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে আদালত থেকে খালাস পাওয়ার পর দুদক তাকে চাকরিতে ফিরিয়ে আনল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন