নভেম্বর ২২, ২০২৬, ১১:৩৯ এএম
নতুন কমিশনে দুদকে গতি ফিরেছে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিলের পাশাপাশি অবৈধ সম্পদ শনাক্ত, ক্রোক ও অবরুদ্ধ করার কার্যক্রমে। দায়িত্ব নেওয়ার পর গত ৩১ অক্টোবর পর্যন্ত ১৩৯টি নতুন মামলা অনুমোদন, ৪৭টি অভিযোগপত্র দাখিল এবং আদালতের আদেশে এক হাজার ২৫১ কোটি ২০ লাখ টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।
গত ১৯ আগস্ট নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর ৩১ অক্টোবর পর্যন্ত ৪৬২ জনকে আসামি করে ১৩৯টি মামলা অনুমোদন দেওয়া হয়েছে। একই সময়ে ১৭১ জনের বিরুদ্ধে ৪৭টি অভিযোগপত্র অনুমোদন পেয়েছে।
দুদকের নিয়ন্ত্রণ কক্ষ ও সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পৃথক প্রতিবেদনে সাম্প্রতিক কাজের এই চিত্র উঠে এসেছে। অনুসন্ধান শুরু, মামলা ও অভিযোগপত্র দাখিল, সম্পদ বিবরণীর আদেশ এবং আদালতের মাধ্যমে সম্পদ ক্রোক ও অবরুদ্ধের হিসাব কমিশনের কাজের পরিধি দেখাচ্ছে।
এর আগে ৩ মার্চ দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহ্সান ফরিদ মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র দেন। পরে ১৭ আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার করে নতুন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন কমিশনের সদস্যরা ১৮ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগে যোগদানপত্র জমা দেন এবং পরদিন ১৯ আগস্ট সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
নিয়ন্ত্রণ কক্ষের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ২৯৩ জনের বিরুদ্ধে ৫৪টি এজাহার বা এফআইআর অনুমোদন হয়। ওই মাসে ৮৭ জনের বিরুদ্ধে ২২টি অভিযোগপত্র এবং ২১ জনকে অব্যাহতি দিয়ে চারটি চূড়ান্ত প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ২০৬টি নতুন অনুসন্ধান শুরু, ছয়টি অনুসন্ধান নিষ্পত্তি এবং ২৪টি সম্পদ বিবরণী দাখিলের আদেশ অনুমোদন পায়।
অক্টোবর মাসে মামলার সংখ্যা আরও বাড়ে। এ মাসে ১৬৯ জনের বিরুদ্ধে ৮৫টি এজাহার অনুমোদন করে দুদক। ৮৪ জনের বিরুদ্ধে ২৫টি অভিযোগপত্র এবং ১৩ জনকে অব্যাহতি দিয়ে পাঁচটি চূড়ান্ত প্রতিবেদন অনুমোদন হয়। এ ছাড়া ৬৭টি নতুন অনুসন্ধান শুরু, ১০টি অনুসন্ধান নিষ্পত্তি এবং ৫৭টি সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়।
দুই মাসের তুলনায় দেখা যায়, সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে এজাহার অনুমোদন ৩১টি বেড়েছে। অভিযোগপত্র ২২টি থেকে বেড়ে ২৫টিতে দাঁড়িয়েছে। সম্পদ বিবরণী দাখিলের আদেশ ২৪টি থেকে বেড়ে ৫৭টি হয়েছে, আর অনুসন্ধান নিষ্পত্তি ছয়টি থেকে বেড়ে ১০টিতে পৌঁছেছে।
সব মিলিয়ে দুই মাসে ১৩৯টি মামলায় ৪৬২ জনকে আসামি এবং ৪৭টি অভিযোগপত্রে ১৭১ জনকে অভিযুক্ত করা হয়েছে। নয়টি চূড়ান্ত প্রতিবেদনে অব্যাহতি পেয়েছেন ৩৪ জন। এই সময়ে ২৭৩টি নতুন অনুসন্ধান শুরু এবং ১৬টি অনুসন্ধান নিষ্পত্তি হয়েছে।
সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে ক্রোক করা সম্পদের মূল্য ২০ কোটি ৩৮ লাখ ১৭ হাজার টাকা এবং ৬৭টি ব্যাংক হিসাবে ১৮৩ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৫১৯ টাকা অবরুদ্ধ করা হয়। সেপ্টেম্বরে ক্রোক সম্পদের মূল্য দাঁড়ায় ৬৮ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭৬ টাকা। ওই মাসে ৬৫টি ব্যাংক হিসাব, ১৩টি সঞ্চয়ী হিসাব, ১৭টি সঞ্চয়পত্র, ১৭টি এফডিআর, তিনটি বিও হিসাব, একটি প্রকল্পের বিনিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার মিলিয়ে ৮০৮ কোটি সাত লাখ ৩৯ হাজার ৫৯৮ টাকার সম্পদ অবরুদ্ধ হয়।
অক্টোবরে ক্রোক সম্পদের মূল্য দুই কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৩৮০ টাকা। এ মাসে ১৮টি ব্যাংক হিসাব, ১৫টি সঞ্চয়ী হিসাব, দুটি সঞ্চয়পত্র, ১৬২টি এফডিআর, শেয়ার, বৈদেশিক মুদ্রা ও কল্যাণ সমিতির অর্থ মিলিয়ে ১৬৭ কোটি ২৫ লাখ ৯১ হাজার ৮৩৮ টাকা অবরুদ্ধ করা হয়।
তিন মাসের হিসাবে আদালতের আদেশে ক্রোক করা স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ৯২ কোটি তিন লাখ ২০ হাজার ৫৫৬ টাকা এবং অবরুদ্ধ অর্থ ও সম্পদের পরিমাণ এক হাজার ১৫৯ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৯৫৫ টাকা। সব মিলিয়ে ক্রোক ও অবরুদ্ধ সম্পদের মোট মূল্য এক হাজার ২৫১ কোটি ২০ লাখ ৬৪ হাজার ৫১১ টাকা।
দুদকের সচিব মো. সাইদুর রহমান খান বলেন, প্রায় সাড়ে পাঁচ মাস কমিশন না থাকায় অনেক অভিযোগ ও কাজ জমে গিয়েছিল, যা এখন ধীরে ধীরে কমিশনের কাছে আসছে এবং যাচাই-বাছাই চলছে। জনস্বার্থ ও জনসম্পৃক্ততা বেশি এমন অভিযোগ অগ্রাধিকার ভিত্তিতে সামনে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনগণের আস্থা অর্জনকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সচিব বলেন, অতীতে প্রতিষ্ঠানটিকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তাতে এটি পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারেনি এবং নিরপেক্ষ কাজ ও দলীয় প্রভাবের প্রতিবন্ধকতা ছিল। তিনি আরও বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত এ ধরনের চাপ অনুভূত হয়নি, কমিশন স্বাধীনভাবে কাজ করছে, এবং এভাবে কাজ করা গেলে মানুষ সুফল পাবে ও প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।
সূত্র: বাসস

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন