বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৬:১৪ পিএম

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে স্থান পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ছবি - সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) কর্তৃক প্রকাশিত ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে স্থান করে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) टाइम्स হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই  র‌্যাংকিং প্রকাশ করা হয়।

এবারের র‌্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের মোট পাঁচটি বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ ১০০০টির তালিকায় স্থান পেয়েছে। এই তালিকার ৮০১ থেকে ১০০০তম স্থানের মধ্যে থাকা বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)।

টাইমস হায়ার এডুকেশন মূলত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই র‌্যাংকিং তৈরি করে: পাঠদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পখাতের সঙ্গে সহযোগিতা।এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণার মান সূচকে ৭৭.৬ পয়েন্ট পেয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম সেরা স্থান অর্জন করেছে।

এছাড়া পাঠদান সূচকে ১৯.৭, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে ৪৯.৬ এবং শিল্পখাতের সহযোগিতায় ২০.৪ পয়েন্ট পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।সারাবিশ্বের ৩ হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বছর বাংলাদেশের মোট ২১টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বৈশ্বিক এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।