অক্টোবর ১, ২০২৬, ১২:৪৯ পিএম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের প্রভাবে ক্ষতিগ্রস্ত মালিবাগ ও খিলগাঁও এলাকার সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থা অবিলম্বে সংস্কারের নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। গর্ত ও খানাখন্দে ভরা সড়কগুলো দ্রুত চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মালিবাগ রেলগেট থেকে শুরু করে খিলগাঁও-বাসাবো এলাকা পর্যন্ত প্রকল্পের চলমান নির্মাণকাজ সরজমিনে পরিদর্শন করেন সেতু সচিব।
পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতির পাশাপাশি পথচারী ও যানবাহনের নিরাপত্তা, ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা এবং নির্মাণ-পরবর্তী নাগরিক সুবিধাসমূহ খতিয়ে দেখেন। কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে সাধারণ মানুষের ভোগান্তি সর্বনিম্নে নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়।
মালিবাগ থেকে খিলগাঁও অংশে ড্রেনেজ মেরামতের জন্য ইউটিলিটি অপসারণ ও প্রতিস্থাপনের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের (২৪ ইসিবি) কর্মকর্তাদের নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এক্সপ্রেসওয়ে ঘেঁষা মূল সড়কের খানাখন্দ অতি দ্রুত মেরামত করে স্বাভাবিক যানবাহন চলাচলের পরিবেশ নিশ্চিত করার আদেশ দেন তিনি।
বড় অবকাঠামো বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট সড়ক ও ড্রেনেজের উপযোগিতা টিকিয়ে রাখা অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেন সেতু সচিব।
জনদুর্ভোগ কমাতে এবং নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সব সংস্থাকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে অবকাঠামোগত নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব সংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয় পর্যালোচনা করা হয়। মূল উড়ালসড়কের গার্ডারের নিচে থাকা বিয়ারিং প্যাডগুলো নিয়মিত ও সতর্কভাবে পর্যবেক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
মালিবাগ রেলগেট মোড়ে ট্রপিক্যাল হোমসের নির্মাণাধীন টিএ টাওয়ার প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ড্রেনগুলো অবিলম্বে নতুন করে নির্মাণ এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখার তাগিদ দেন সেতু সচিব। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ ও আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধান নিশ্চিত করতে উপস্থিত কর্মকর্তাদের আদেশ দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন