নভেম্বর ২৫, ২০২৫, ১১:৩২ এএম
২২ বছরের সুদীর্ঘ সময় ধরে ছোটপর্দার নিয়মিত মুখ ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। টিআরপি-র ওঠানামা এবং বিভিন্ন চরিত্রে উত্থান-পতনের মাঝেও তিনি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই গত আড়াই বছর ধরে তাকে আর কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে না।
বড়পর্দার দিকে মনোযোগ দিলেও কাজের সংখ্যা তুলনামূলকভাবে কম। বর্তমানে তিনি টালিউড ছেড়ে নিজের কাজের ক্ষেত্র হিসেবে মুম্বাইয়ে অবস্থান করছেন। হঠাৎ এমন বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারণ নিয়ে ভক্তদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বহু জনপ্রিয় ধারাবাহিকে তিনি কখনো নেতিবাচক, আবার কখনো ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন।
কিন্তু, গত দুই বছর ধরে ছোটপর্দায় অভিনয়ের প্রতি তার আগ্রহ কমতে শুরু করে।এ বিষয়ে অভিনেত্রী নিজেই বলেন, "প্রায় আড়াই বছর হলো ধারাবাহিকে অভিনয় করা ছেড়ে দিয়েছি। সত্যি বলতে একঘেয়েমি এসে গিয়েছিল। তাই মেগাতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি।" তিনি আরও বলেন, ছোটপর্দায় নতুন কিছু করার নেই এবং গল্পের সঙ্গে তিনি আর নিজেকে মেলাতে পারছিলেন না। তাই তিনি এখন নতুন ধরনের কাজ করতে চাইছেন।
এই পরিবর্তিত পরিস্থিতিতে অভিনেত্রী ওয়েব সিরিজে অভিনয় করতে খুবই আগ্রহী। এই কারণেই তিনি দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে থাকছেন এবং নতুন কাজের জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছেন। এর পাশাপাশি কলকাতায় তার নিজস্ব একটি বুটিক থাকায় ব্যবসার কাজেও তাকে মাঝেমধ্যে শহরে ফিরতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, মুম্বাইয়ে কাজকর্মের ধরন অন্যরকম এবং সেই নতুন পরিবেশে তিনি নিজেকে মানিয়ে নিচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন