ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৩৯ পিএম
সারা দেশ এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের উত্তেজনায় কাঁপছে। চায়ের দোকান থেকে রাজপথ—সবখানেই চলছে ভোটের সমীকরণ। এই নির্বাচনী আমেজ থেকে বাদ যাচ্ছে না শোবিজ অঙ্গনও। সাধারণ মানুষের মতো তারকারাও তাদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা তুলে ধরছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশার কথা গণমাধ্যমে অকপটে জানিয়েছেন।নির্বাচন প্রসঙ্গে বুবলী বলেন, “এখন পর্যন্ত আমরা জানি না কারা সরকারে আসছে বা কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে।
তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন সবাই নিরাপদ থাকতে পারি।” তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তার ওপর বিশেষ জোর দেন। বুবলী মনে করেন, দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত নতুন সরকারের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, “নারী-পুরুষের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।” বুবলী তার বক্তব্যে নারীর ক্ষমতায়ন ও সমঅধিকারের বিষয়টিও সামনে এনেছেন। তিনি বলেন, “আমরা চাই, প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা করছি।” তার এই বক্তব্য শোবিজ অঙ্গনে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
রাজনীতির আলোচনার বাইরেও বুবলী নিজের কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। চলতি বছরে ভিন্নধর্মী গল্পের সিনেমায় নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন তিনি। নারীকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ‘প্রেশার কুকার’ সিনেমার কাজ শুরু করেছেন তিনি, যেখানে তাকে নতুন রূপে দেখা যাবে। পাশাপাশি ‘ঢাকাইয়া দেবদাস’ নামের আরও একটি নতুন ছবিতে যুক্ত হওয়ার খবর দিয়েছেন এই নায়িকা। নির্বাচনের ডামাডোলের মধ্যেও বুবলী তার ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন, যা নিঃসন্দেহে ঢালিউডের জন্য সুখবর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন