মে ২৪, ২০২৬, ১১:৪৭ পিএম
পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক সিনেমা ‘মাইকেল’ বিশ্বজুড়ে ব্যাপক সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট। লাইন্সগেটের মোশন পিকচার চেয়ার অ্যাডাম ফোগেলসন ত্রৈমাসিক হিসাব প্রকাশের সভায় সিক্যুয়েল তৈরির এই প্রস্তুতির কথা জানান।
প্রথম সিনেমায় জ্যাকসনের জীবনের অনেক অধ্যায় ও জনপ্রিয় সংগীত বাদ পড়ায় তা দ্বিতীয় কিস্তিতে তুলে ধরা হবে।দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই সিক্যুয়েলটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এপ্রিল মাসে মুক্তির পর বক্স অফিসে ‘মাইকেল’ এখন পর্যন্ত ৭১ কোটি ৫৮ লাখ ডলার আয় করেছে। প্রথম সিনেমাটির গল্প শেষ হয়েছিল ১৯৮৮ সালের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের পারফরম্যান্স দিয়ে। তবে সিক্যুয়েলের গল্প হুবহু সময়ক্রম মেনে এগোবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ফোগেলসন জানিয়েছেন, সময়ের সামনে বা পেছনে গিয়ে তারা গল্পের নতুন দিক উন্মোচন করতে পারেন।আগের প্রডাকশন থেকে ধারণ করা ২৫ থেকে ৩০ শতাংশ দৃশ্য সিক্যুয়েলে ব্যবহার হতে পারে।প্রথম সিনেমা নির্মাণের সময় শিশু যৌন নির্যাতনের অভিযোগের কারণে চিত্রনাট্য ও শুটিং নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
সিক্যুয়েলে ১৯৯৩ সালের বিতর্কিত সেই অভিযোগগুলো দেখানো হবে কি না, তা নিয়ে নানা জল্পনা চলছে। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন সিনেমাটি দর্শকদের মুগ্ধ করার লক্ষ্যেই সাজানো হচ্ছে।সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ ক্রমশ বাড়ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন