নভেম্বর ৮, ২০২৬, ০৯:৫২ পিএম
বলিউড অভিনেতা রণবীর কাপুর, দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী এবং জনপ্রিয় অভিনেতা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত `রামায়ণ` সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে।
প্রাচীন মহাকাব্য রামায়ণের ওপর নির্মিত দুই পর্বের এই চলচ্চিত্রের প্রথম কিস্তি গত ৫ নভেম্বর হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই চলচ্চিত্রে রণবীর কাপুরকে ভগবান রামের চরিত্রে, সাই পল্লবীকে সীতার চরিত্রে এবং যশকে লঙ্কার রাজা রাবণের চরিত্রে দেখা গেছে।
বক্স অফিসের আয়-সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে মোট ৩৭৫ দশমিক ৫০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে কেবল ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২১৮ দশমিক ২৫ কোটি রুপি।
সিনেমার মূল গল্পে ফুটিয়ে তোলা হয়েছে ভগবান রামের জীবনযাত্রা, তাঁর চৌদ্দ বছরের বনবাস, লঙ্কার রাজা রাবণের হাতে সীতার অপহরণ এবং পরিশেষে ভালো ও মন্দের শক্তির মধ্যে সংঘটিত ঐতিহাসিক যুদ্ধ।
এই মেগা বাজেটের চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন যৌথভাবে অস্কারজয়ী সংগীত পরিচালক হ্যান্স জিমার এবং এ আর রহমান। অন্যদিকে, অ্যাকশন দৃশ্য পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্বখ্যাত হলিউড নির্দেশক টেরি নোটারি ও গাই নরিস।
নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওজ, ডিএনইজি এবং অভিনেতা যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এতে প্রধান তিন তারকার পাশাপাশি আরও অভিনয় করেছেন সানি দেওল, অনুপম খের, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, আদিনাথ কোঠারে, অরুণ গোভিল, কুণাল কাপুর, ইন্দিরা কৃষ্ণান ও লারা দত্তসহ আরও অনেকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন