আগস্ট ১৮, ২০২৫, ১১:০১ এএম
বিনোদন জগতের আলোচিত জুটি দেব-শুভশ্রীর রিইউনিয়ন নিয়ে আলোচনা এখনও তুঙ্গে। এই আবহের মধ্যেই দেবের বর্তমান প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র তার নতুন লুকে ভক্তদের মন কেড়ে নিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা তার কয়েকটি ছবি ব্যাপক প্রশংসিত হয়েছে।
ভারতের শীর্ষ গয়নার ব্র্যান্ড ‘মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’-এর শুভেচ্ছাদূত হয়েছেন রুক্মিণী। সেই উপলক্ষে তিনি হালকা সোনালি রঙের শাড়ি ও মূল্যবান হিরার নেকলেস ও কানে মানানসই দুল পরে একটি রাজকীয় ফটোশুট করেছেন। এই ঝলমলে লুকে তাকে দেখে মুগ্ধ তার ভক্তরা।
ছবির ক্যাপশনে রুক্মিণী একটি গভীর বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “হীরা আর সোনা তাদের মূল্য পায় বিরলতার কারণে, তাই বিরল হতে কখনও ভয় পেও না।”
রুক্মিণীর এই ছবিগুলোতে ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে গেছে। একজন লিখেছেন, "খুব সুন্দর লাগছে"। আরেক ভক্ত মন্তব্য করেছেন, "রুক্মিণী তোমাকে আমরা অনেক ভালোবাসি, নিজেকে এগিয়ে নিয়ে যাও।"
মাত্র ১৩ বছর বয়সে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা রুক্মিণী, ২০১৭ সালে বড়পর্দায় প্রথম পা রাখেন। এরপর থেকে তিনি তার ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে টলিউডের অন্যতম স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির পর তাকে আর বড়পর্দায় দেখা না গেলেও সম্প্রতি চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’-র শুটিং শেষ করেছেন তিনি। তার নতুন রূপ দেখার জন্য ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন