সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

শাকিবকে নিয়ে দুই সিনেমা বানাবে সান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৬:৫৮ পিএম

শাকিবকে নিয়ে দুই সিনেমা বানাবে সান

ছবি - সংগৃহীত

দেশের শীর্ষ চলচ্চিত্র তারকা শাকিব খান দুটি নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘মনপুরা’, ‘বিশ্বসুন্দরী’ ও ‘হাওয়া’র মতো প্রশংসিত ও ব্যবসাসফল চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

চুক্তি স্বাক্ষর শেষে শাকিব খান তার প্রতিক্রিয়ায় বলেন, “দেশের সংস্কৃতির প্রতি অনুরাগী শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী (সান মিউজিকের চেয়ারম্যান) ও তার প্রতিষ্ঠান আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদস্বরূপ। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি, এই উদ্যোগ চলচ্চিত্রের জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে।”

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, “শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নাম। তার সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা ইন্ডাস্ট্রির জন্য নতুন দ্বার উন্মোচন করবে বলে আমার বিশ্বাস।”

জানা গেছে, এই প্রযোজনা সংস্থার সঙ্গে শাকিব খানের প্রথম চলচ্চিত্রের নাম ‘সোলজার’। দেশপ্রেমের গল্পে নির্মিতব্য এই সিনেমাটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। দ্বিতীয় সিনেমার নাম ও অন্যান্য তথ্য খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে।